পঞ্চগড়ে হঠাৎ শিলাবৃষ্টিতে ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে হাইব্রিড টমেটো, তরমুজ, গম, ভুট্টার ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝরে গেছে বিভিন্ন এলাকার আম ও লিচু বাগানের গাছের মুকুল।
আজ শুক্রবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হয়। এ সময় প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি পড়ে। এসময়ে জেলা সদরে ৩৭ মিলিমিটার শিলাবৃষ্টি রেকর্ড করে স্থানীয় কৃষি বিভাগ। তবে কৃষি বিভাগ তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।
জেলার সদর উপজেলায় সবচেয়ে বেশি শিলাবৃষ্টি পড়েছে। এ উপজেলার হাড়িভাসা, হাফিজাবাদ, কামাত কাজলদিঘী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার হাইব্রিড টমেটো ও তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকার আম ও লিচু বাগানের গাছের মুকুল ঝরে গেছে।
এদিকে সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) গোটা জেলা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বিদ্যুতের অভাবে শহরের মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকের বাসায় রান্না হয়নি আবার পানির অভাবে অনেকেই নিত্যপ্রয়োজনীয় কাজ সারতে পারেনি।
জেলার হাড়িভাসা ইউনিয়নের কৃষক নুরুজ্জামান জানান, শিলাবৃষ্টিতে হাইব্রিড টমেটো ও তরমুজ ক্ষেতের মারাত্মক ক্ষতি হয়েছে। টমেটো ক্ষেতের ফল ও পাতা সব পড়ে গেছে। গাছ ভেঙে পড়েছে। তরমুজে শিলাবৃষ্টিতে গর্ত হয়ে গেছে। সব পুঁজি শেষ হয়ে গেল। জেলার চাকলাহাট ইউনিয়নের আজিজার রহমান জানান, আম বাগানের অধিকাংশ আমের মুকুল পড়ে গেছে।
IMG0
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শামছুল হক শিলাবৃষ্টিতে ফল ও ফসলের ক্ষতি হওয়ার বিষয়টি স্বীকার করলেও তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছেন বলে জানিয়েছেন।
ইত্তেফাক/এসএস
