বাংলাদেশ ও ইরানের বন্ধন আরো মজবুত করতে হবে : আয়াতুল্লাহ আ'রাফি

আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৬:৩৫
বাংলাদেশ ও ইরানের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরীধি আরো বাড়ানোর সুযোগ রয়েছে। ইরান এসব ক্ষেত্রে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। 
 
তিনদিনের সফরে এসে বাংলাদেশের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সঙ্গে বৈঠকের সময় ইরানের আল-মোস্তফা ইন্টারনেশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং দেশটির মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আয়াতুল্লাহ আলি রেজা আ'রাফি এই মনোভাব প্রকাশ করেন। 
 
এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, বাংলাদেশ ও ইরানের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। তবে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যকার সম্পর্ককে আরো সুদৃঢ় ও উন্নত করা সম্ভব। এ বিষয়ে দুই দেশকে এগিয়ে আসতে হবে। ধর্মমন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইরানের শিক্ষাবৃত্তির সুযোগ বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেছেন। এছাড়া ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন এবং ক্বিরাত প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগীর সংখ্যা বাড়ানোর আহ্বান জানান। 
IMG0
আয়াতুল্লাহ আ'রাফি বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান। তিনি শিক্ষা খাতে বাংলাদেশকে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। 
 
আয়তুল্লাহ আ'রাফি তার তিন দিনের বাংলাদেশ সফরকালে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গে বৈঠক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। 
 
বৈঠককালে আরো উপস্থিত ছিলেন ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভয়েজি, আল মোস্তফা ইন্টারনেশনাল ইউনিভার্সিটির অধ্যাপক হুজ্জাতুল ইসলাম শাহাবুদ্দীন মাশায়েখি এবং ইরান দূতাবাসের গণমাধ্যম ও গণসংযোগ কর্মকর্তা খন্দকার মো. মাহফুজুল হক। এ ছাড়া এই সফরকালে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আলেম সমাজের প্রতিনিধিদের সঙ্গে পৃথক কয়েকটি অনুষ্ঠানে মতবিনিময় করেছেন। 
 
আয়াতুল্লাহ আ'রাফি গত মঙ্গলবার ঢাকা সরকারী আলিয়া মাদ্রাসা পরিদর্শন করেন এবং এ সময় তিনি মাদ্রাসার পাঠাগারের উন্নয়নের জন্য আল মোস্তফা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুই হাজার ইউরো প্রদান করেন। এ ছাড়া রোহিঙ্গদের সহায়তার জন্য তিনি ২০ হাজার ডলার দেন।
 
ইত্তেফাক/ইউবি