গৌরনদী উপজেলার টরকীচরের বেঁদে পল্লীতে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে বেঁদে দম্পতির উপর হামলা চালিয়েছে চাঁদাবাজরা। হামলাকারীদের আটকসহ বিচারের দাবিতে বেঁদেরা গৌরনদী থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে পুলিশ বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
বেঁদে সরদার স্বপন সরদার অভিযোগ করেন, বেঁদে পল্লীর আজিম সরদার, অনিস সরদার ও শাহীন সরদার সম্প্রতি বেঁদে পল্লীর পাশে ২৪ শতক জমি ক্রয় করেন। ওই জমির দখলে গেলে লিয়াকত হাওলাদার ও তার সহযোগীরা বাধা প্রদান করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
বৃহস্পতিবার বিকেলে লিয়াকত হাওলাদার, শের আলী, সবুজ বয়াতিসহ ৫/৬জন বেঁদে পল্লীতে হামলা চালিয়ে পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে চাঁদাবাজদের সঙ্গে বেঁদেদের বাক-বিতণ্ডা হয়। বিষয়টি পুলিশকে জানালে এসআই মাজারুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে চাঁদাবাজরা পালিয়ে যায়।
স্বপন সরদার আরো অভিযোগ করেন, পুলিশের কাছে অভিযোগ করায় চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি ও তার স্ত্রী পাখী বেগম বেঁদে পল্লী থেকে ঝালকাঠীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে উপজেলার টরকী বন্দর মসজিদ মার্কেটের পাশে পৌঁছালে চাঁদবাজরা হামলা চালিয়ে বেদম মারধর করে নগদ টাকা ও ব্যবহৃত স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ খবর বেঁদে পল্লীতে পৌঁছালে দুই শতাধিক বেঁদে টরকী বন্দরে জড়ো হয়।
পরে হামলাকারীদের আটকসহ বিচারের দাবিতে বেঁদেরা গৌরনদী থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশ হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এসআই মাজারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় স্বপন সরদার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।’ চাঁদাবাজির ঘটনা অস্বীকার করে লিয়াকত হাওলাদার বলেন, ‘হামলার সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নাই।’
ইত্তেফাক/আরকেজি
