ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৭:৪০
মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন ট্রেনের নিচে কাটা পড়ে ক্ষুদ্র-নৃগোষ্ঠী তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার রাতগাও ইউনিয়নের নর্থন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে কুলাউড়া রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
 
নিহতরা হলেন- উপজেলার মেরিনা চা বাগানের বাসিন্দা এভেন মারাকের মেয়ে সন্ধ্যা সাংমা (১৭) ও একই এলাকার আলেকজান্ডারের ছেলে জয়ন্তু (১৮)। সন্ধ্যা দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও জয়ন্তুকুলাউড়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
 
পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেন নর্থন এলাকা অতিক্রমকালে একাধিক হর্ন বাজাতে শোনা যায়। ধারণা করা হচ্ছে এসময় তারা দুজন আত্মহত্যা করতে পারে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
 
কুলাউড়া রেলওয়ে পুলিশের এসআই মো. মনির হোসেন জানান, নিহত দুজন গারো সম্প্রদায়ের। ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করতে পারে। তাদের সাথে থাকা দুটি মোবাইল ফোন ঘটনাস্থলে পাওয়া গেছে।
 
ইত্তেফাক/আরকেজি