সিলেটের ওসমানীনগরে শুক্রবার বিকেলে প্রায় ২০ মিনিট স্থায়ী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় শত শত গাছ উপড়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক ঘরের টিনের চালা উড়ে যায়। টিনের চালায় গলা কেটে এক নারী ও পানিতে ডুবে ১৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায় উপজেলার তাজপুর ইউপির দশহাল গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নূরুল আলমের নির্মাণাধীন ঘরের টিন উড়ে গিয়ে গলা কেটে সাবিয়া বেগম (৪৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হন। সাবিয়া বেগম বালাগঞ্জ উপজেলার বোয়ালজুরের সোনাপুর গ্রামের খালিছ মিয়ার স্ত্রী বলে ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা জানান।
এ ছাড়া ঝড়ের সময় পানিতে ডুবে হাসান আহমদ নামের ১৬ মাসের এক শিশুর মৃত্যু হয়। হাসান উপজেলার উমরপুর ইউপির সিকন্দরপুর রং বরং গ্রামের সুমন আহমদের ছেলে। সন্ধ্যায় পুলিশ নিহতের লাশ নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
এদিকে ঝড়ের সময় বজ্রপাতে উপজেলার বুরুঙ্গা ইউপির মুক্তারপুর হাওরের তেতইখালিতে পূর্বতিলা পাড়ার ইউছুফ আলীর ৪টি গরু মারা যায়।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে সে হিসেব এখনো নির্ধারণ করা যায়নি। কাল বৈশাখী ঝড়ে উপজেলার পল্লী বিদ্যুতের ৯টি ফিডার লাইনের অর্ধশতাধিক খুঁটি উপড়ে পড়ে গেছে। এতে ওসমানীনগর উপজেলা অনেক এলাকায় বিদ্যুৎ নেই বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জোনাল অফিসের ডিজিএম জহিরুল ইসলাম।
ইত্তেফাক/ইউবি
