নন্দীগ্রামে কলেজ শিক্ষকের বাসায় দুর্বৃত্তের হামলা

আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১২:৩৫
বগুড়ার নন্দীগ্রামে গভীর রাতে কলেজ শিক্ষকের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে পৌর এলাকার কলেজ পাড়ায় নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রী কলেজের ইংরেজির প্রভাষক ফজলুল করিম সুজা'র বাসায় এ হামলা চালানো হয়। এসময় তারা বাসার জানালা ও প্রাচীরের ঢেউটিন ভাঙচুর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
 
দুর্বৃত্তদের হামলা থেকে বাঁচতে প্রভাষক সুজা তার পরিবার নিয়ে বাসার মধ্য অবস্থান করেন। বার বার তাকে বাসায় মেইন গেট খুলতে বলা হচ্ছিল বলে জানান ওই কলেজ শিক্ষক। 
 
কলেজ শিক্ষক সুজা বলেন, 'রাতে খাবার খেয়ে ঘুমাতে যাবো এমন সময় কে বা কাহারা আমার বাসার জানালা ও প্রাচীরের টেউটিনে প্রচণ্ড জোরে আঘাত করে ভাঙচুর করতে থাকে এবং অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে বাসার মেইন গেট খুলতে বলে। তখন আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা চলে যায়।' তিনি জানান, ব্যক্তিগতভাবে কাহারো সাথে তার কোন দ্বন্দ্ব নেই।
 
আজ শনিবার বেলা ১১টায় নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক আব্দুস শুকুরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/এসএস