খুলনায় আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে কুপিয়ে জখম

আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৬:৫১
খুলনায় আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 
 
গত শুক্রবার রাত ১২টার দিকে দিঘলিয়া উপজেলার বাতিভিটা নদীর ঘাট সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মফিজুল ফারাজী (৪৮), একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ আসলাম (৫৫) ও শেখ আসাদুজ্জামান (৪৫)। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজা দীর্ঘ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পর তাকে সংবর্ধনা দেয়া উপলক্ষে গত শুক্রবার রাতে বাতিভিটা স্কুলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভা ছিল । সভা শেষে সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী জিয়াকে বাড়িতে এগিয়ে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মো. মফিজুল ফারাজী, শেখ আসলাম ও শেখ আসাদুজ্জামান। পথে বাতিভিটা নদীর ঘাট সংলগ্ন সড়কে পৌঁছালে ৮-১০ জন সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে মামলা হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি