বর্ণাঢ্য আয়োজনে ছিলোনীয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী

আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৭:১১
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছিলোনীয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন পেশায় জড়িত প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও এলাকার সর্বস্তরের লোকজন অংশ নেয়। পরে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ভিপি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। এসময় অনান্যের মধ্যে স্থানীয় নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, স্কুল পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও এসএ টিভির প্রধান সমন্বয়ক হাসান মনজুর, জেলা ও দায়রা জজ আলী হায়দার, টপ স্টার গ্রুপের চেয়ারম্যান হারুনুর রশিদ, প্রাক্তণ ছাত্র সিআইপি কামাল উদ্দিন, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান এম কে বাশার, স্কুলের প্রধান শিক্ষক আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বিকালে দেশখ্যাত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানটি হাজার হাজার দর্শক উপভোগ করতে দেখা যায়।
 
ইত্তেফাক/এমআই