মাদ্রাসায় খাবার খেয়ে বিষক্রিয়ায় বগুড়ার ধুনট পৌরসভার মেয়র, কাউন্সিলর, মাদ্রাসার শিক্ষক ও শিশু শিক্ষার্থীসহ ৩ শতাধিক মানুষ অসুস্থ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পূর্বভরণশাহী দারুল উলুম কওমী মাদ্রাসায় জামে মসজিদের বহুতল ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন উপলক্ষে শুক্রবার দুপুরে খাবারের আয়োজন করা হয়। বাদ জুম্মা ওই জামে মসজিদের বহুতল নতুন ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।
ওই অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্তুর স্থাপনের পর ওই মাদ্রাসা চত্বরে বসে অনুষ্ঠানের অতিথিসহ সবাই খিচুরি খেয়েছেন। খাবারের আধা ঘণ্টা পর থেকে সবার পেটের পিড়া ও পাতলা পায়খানা শুরু হয়।
এক পর্যায়ে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, কাউন্সিলর রনজু মল্লিক, মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ সবাই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অংকিতা রব চৈতি বলেন, খাবারের বিষক্রিয়ায় পৌরসভার মেয়র, কাউন্সিলর, শিক্ষক ও শিক্ষার্থীসহ ৩ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়েছে। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়টি খাতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
