রংপুরে জাপানি নাগরিক কুনিয়ো হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার প্রধান আইনজীবী আওয়ামী লীগ নেতা রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার সকাল ৬টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে রংপুর কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। শনিবার এ রিপোর্ট পাঠানোর সময় পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা রংপুর মহানগরীর বাবুপাড়া তাজহাট এলাকার নিজ বাসভবন থেকে শুক্রবার সকাল ৬টায় পাজামা-পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তির সঙ্গে লাল রঙের মোটরসাইকেলে করে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেন নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। ওইদিন রাতেই বিষয়টি পুলিশকে অবহিত করাসহ শনিবার সকালে তার ছোট ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক একটি জিডি করেন। এদিকে নিখোঁজ অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিকের সন্ধানের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
শনিবার দিনভর বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে তাজহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। পৃথক পৃথক মানববন্ধন ও সমাবেশ থেকে অবিলম্বে সুস্থ অবস্থায় রথিশ চন্দ্র ভৌমিককে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
IMG0
বিকেলে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে এক সমাবেশে গিয়ে শেষ হয়। সমাবেশ শেষে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর মহানগর সভাপতি বনমালী পাল অভিযোগ করে বলেন, জাপানি নাগরিক কুনিয়ো হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার রায় ঘোষণার পর রথিশ চন্দ্র ভৌমিককে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছিল। এরপর শুক্রবার সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
সংবাদ সম্মেলন থেকে সুস্থ অবস্থায় রথিশ চন্দ্র ভৌমিককে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়। অন্যথায় রবিবার মানববন্ধন, সমাবেশ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক অজয় প্রসাদ বাবন, মহানগর সভাপতি মুকুল সরকার, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, রথিশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হওয়ার বিষয়টি তার পরিবার শুক্রবার রাত ১১টায় আমাদের জানান। এরপর থেকে আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান, তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর থেকে পুলিশ, র্যাব ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে উদ্ধারের জন্য মাঠে নেমেছে। জঙ্গিদের মামলা পরিচালনার বিষয়টিসহ বিভিন্ন বিষয় মাথায় নিয়ে আমরা কাজ করছি। তার মোবাইল ফোনটিও ট্রাকিং করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/আরকেজি
