কবি আবদুল হাই মাশরেকীর ৯৯তম জন্মদিন ১ এপ্রিল

আপডেট : ৩১ মার্চ ২০১৮, ২১:০০
১ এপ্রিল (রবিবার) কবি আবদুল হাই মাশরেকীর ৯৯তম জন্মদিন। এ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ-মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
 
আবদুল হাই মাশরেকী জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি আগামী ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ঈশ্বরগঞ্জ উপজেলায় কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা এবং লেখা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ‘মাশরেকী লোকজ মেলা ও কবি সম্মেলন’-এর আয়োজন করেছে। এছাড়া কবির কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, সঙ্গীতগ্রন্থ, ও সিডি প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। 
 
১৯৮৮ সালের ৪ ডিসেম্বর আবদুল হাই মাশরেকী নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ১৯০৯ সালে এই দিনে তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে মাতুতালয়ে কাঁকন হাটি গ্রামে জন্মগ্রহণ করেন।
 
তিনদিনের অনুষ্ঠানে কবি আবদুল হাই মাশরেকীর সাহিত্যকর্ম, জীবন-দর্শন নিয়ে আলোচনা করবেন দেশের কবি -সাহিত্যিক, বুদ্ধিজীবীগণ।  তিনদিনব্যাপী ‘মাশরেকী লোকজ মেলা’য় অনুষ্ঠানে পরিবেশিত হবে কবির রচিত কবিতা আবৃত্তি, কাব্যনৃত্য, পালানৃত্য, আধুনিক ও পল্লীগীতি ও ‘স্বাধীনতার জারী’।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী। বক্তা হিসেবে থাকবেন কবি নির্মলেন্দু গুণ, কবি নূরুল হুদা, প্রাবন্ধিক ও গবেষক যতীন সরকার, কবি মুশাররাফ করিম, শংকর সাঁওজাল, কবি আমিনুর রহমান সুলতান, কবি আসলাম সানি, কবি সোহরাব পাশা, কবি মাহবুব আলম, ছড়াকার এম আর মঞ্জু প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশের খ্যাতিমান শিল্পীবৃন্দ। 
 
ইত্তেফাক/এমআই