জাপানি নাগরিক ও খাদেম হত্যা মামলার প্রধান আইনজীবী নিখোঁজের ঘটনায় আটক-৫

আপডেট : ৩১ মার্চ ২০১৮, ২১:২৯
রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও এবং খাদেম রহমত আলী হত্যা মামলার প্রধান আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার সকাল থেকে তিনি নিখোঁজ বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় তার ভাই রংপুরের কোতোয়ালি থানায় জিডি করেছেন। জিজ্ঞাবাসাদের জন্য পুলিশ ৫জনকে আটক করেছে। তাকে উদ্ধারে আইন-শৃংঙ্খলা বাহিনীর চারটি টিম মাঠে কাজ করছে।
 
পরিবারের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার সকাল ৬টার দিকে রংপুর নগরীর বাবুপাড়ার বাড়ি থেকে মোটরসাইকেলে একজনের সঙ্গে বের হয়ে আর ফিরেন নি তিনি। রংপুরে এক জাপানি এবং মাজারের খাদেম হত্যা মামলার পিপি ছিলেন রথীশ চন্দ্র ভৌমিক। এসব মামলায় জঙ্গিদের ফাঁসির রায়ও হয়েছে।
 
অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিকের ছোট ভাই সুশান্ত ভৌমিক জানান, শুক্রবার অপরিচিত একজন লোক মোটরসাইকেলযোগে তার দাদাকে ডাকতে আসেন বাড়িতে। তার সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যান রথীশ চন্দ্র। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।
 
ইত্তেফাক/আরকেজি