ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ চান্দুরা-সিঙ্গারবিল সড়ক। সড়কটি ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকা থেকে সিঙ্গারবিল পর্যন্ত ১৭কি.মি। এটি উপজেলার মেইন সড়ক হিসাবে চিহ্নিত। কিন্তু বর্তমানে সড়কটি বেহাল হয়ে পড়েছে।
১৭কি.মি. সড়কের একাধিক স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত, অধিকাংশ স্থানে আস্তর উঠে গেছে। রাস্তার মধ্যে খানা-খন্দকের সৃষ্টি হওয়ায় যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে।
এ সড়ক দিয়ে চলাচলকারী কলেজ ছাত্রী কাকলী বলেন, পুরো রাস্তার মধ্যে অধিকাংশ স্থানে ভাঙা থাকায় যাতায়াত করতে অনেক সমস্যা হয়। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা আসা-যাওয়ার সময় অনেক কষ্ট হয়। আর বর্তমান সময়ে ধুলোবালু তো আছেই। এই সড়ক দিয়ে প্রতিদিন আসা-যাওয়া করে শরীর আর ঠিক থাকে না।
বর্ষা মৌসুমের আগেই যদি ভালো করে সড়কটি সংস্কার না করা হয়। তাহলে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন বলেন, আমি নতুন এসেছি এখানে, তবে আসার পর সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে। তবে কাজ সন্তোষজনক হয়নি। কাজে ত্রুটি থাকায় বিল স্থগিত করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজের সংশোধনের জন্য বলা হয়েছে। সংশোধন সাপেক্ষে বিল পরিশোধ করা হবে।
ইত্তেফাক/নূহু
