ফরিদপুর-৪ আসনের ব্যাপক উন্নয়নের পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করছি এবং আগামীতেও করব। দেশ আজ উন্নয়নের মহাসড়কে। ফরিদপুর-৪ আসনকে দেশের মধ্যে একটি মডেল আসন হিসাবে গড়ে তুলব।
সেজন্য সর্বপ্রথম দুর্নীতিমুক্ত সমাজ ও সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ফরিদপুর-৪ আসন সদরপুর, চরভদ্রাসন ও সদরপুরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই আধুনিক নবনির্মিত ভবন পেয়েছে। শিক্ষা উপকরণসহ শিক্ষার্থীদের লেখাপড়ার সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা রক্ষা করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শনিবার সকালে উপজেলার সদরদী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাহাদাত্ হোসেন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হবে। আমাদের সন্তানেরা শিক্ষিত হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করবে।
স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আবু জাফর মুন্সির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, স্কুলটির প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি, সরকারি কেএম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠু ও জিএস লাবলু মুন্সি প্রমুখ।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা জানান, চরভদ্রাসন উপজেলার সদর বাজারে শুক্রবার ভোর ৫টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি দোকান ঘর ও মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর শুনে শুক্রবার ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন এবং সমবেদনা জানান। পরে ব্যক্তিগত তহবিল হতে ক্ষতিগ্রস্তদের নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার আলী মোল্লা, মো. বজলু মৃধা, মো. শাহজাহান মোল্লা, মো. মোন্নাফ হোসেন ও মো. লিয়াকত মোল্যাসহ বাজারের ব্যবসায়ীরা।
ইত্তেফাক/নূহু
