বাগেরহাটে কৃষককে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৪:০০
বাগেরহাটের কচুয়ায় ভ্যানযোগে বাড়ি ফেরার পথে শাহীন শেখ (২২) নামের এক কৃষককে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮ টার দিকে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কেজি স্কুলের সামনে এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করলেও কী কারণে শাহীনকে কুপিয়ে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি। আজ রবিবার শাহীনের মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হবে।
 
নিহত শাহীন শেখ মঘিয়া ইউনিয়নের সহবতকাঠি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে। শাহীন পেশায় একজন কৃষক ও কচুয়া উপজেলা তরমুজ চাষি সমিতির সভাপতি ছিলেন।
 
নিহতের চাচা আব্দুল হালিম শেখ বলেন, আমার ভাতিজা শাহীন শেখ পেশায় একজন কৃষক। সে শনিবার রাত আটটার দিকে স্থানীয় বড় আন্ধারমানিক গ্রামের পঙ্গু মার্কেটে কাজ সেরে তার জমির দিনমজুর সাখাওয়াতকে সঙ্গে নিয়ে ফিরোজ শেখের ভ্যানরিকশা চড়ে বাড়ি ফিরছিল। এসময় সম্মানকাঠি গ্রামের কেজি স্কুলের সামনে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা ভাতিজা শাহীনের ভ্যানের গতিরোধ করে তাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। ভ্যানচালক ফিরোজ ও তার জমির দিনমজুর সাখাওয়াত ভয়ে দৌঁঁড়ে পালিয়ে যান। ওই দুর্বৃত্তরা শাহীনকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কচুয়া থানার ওসি রবিউল কবির বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। কৃষক শাহীন শেখকে কারা কী কারণে কুপিয়ে হত্যা করেছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/কেকে