গোপালগঞ্জে ব্রিজ ভেঙে ট্রাক খালে

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:১২

চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে সোমবার সন্ধ্যায় ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক খালে পড়ে চালক শাকিল শেখ নিহত হয়েছে।

মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের পাটিকেল বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত আয়ূব আলী শেখের ছেলে শাকিল শেখ।

মুকসুদপুর থানার এসআই মো. মিজানুর রহমান জানান, মুকসুদপুরের টেকেরহাট থেকে বালু বোঝাই একটি ট্রাক পার্শ্ববর্তী বরমপাল্টা গ্রামের নির্মাণাধীন কালভার্টের কাছে যাচ্ছিল। ট্রাকটি পাটিকেলবাড়ি গ্রামের খালে পুরাতন ব্রিজের ওপর উঠলে ভেঙে খালে পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের একটি দল দুই ঘণ্টা চেষ্টার পর উদ্ধার কাজ সম্পন্ন করে।

এদিকে গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে স্বপ্না বেগম (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে মুকসুদপুর থানা পুলিশ কমলাপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে লাটিশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওই গৃহবধূর ভাই রবিউল মোল্লা হত্যার অভিযোগ করে বলেন, আমার বোনের স্বামী আরজু শেখের অন্য একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে বিরোধের জেরেই আরজু আমার বোনকে হত্যা করেছে।

মুকসুদপুর থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, গৃহবধূর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।