সাংবাদিক ও তার পরিবারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৮:২৫
রায়পুর উপজেলার একজন ওয়ার্ড যুবলীগের সভাপতির বিরুদ্ধে এক সাংবাদিকসহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, হুমকি ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার দক্ষিণ গাইয়ারচর এলাকায় সরজমিনে গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়।
 
এর আগে গত ২৭ মার্চ লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিউএজ পত্রিকার সাংবাদিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলামসহ তার বাবা, মা ও ছোট বোনসহ পরিবারের ৫ সদস্যদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকির হোসেন।
 
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, প্রায় তিন বছর আগে সাংবাদিকের চাচা বাচ্চু মিয়া এলাকার বিবা রানীর কাজ থেকে ২০ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। হঠাৎ করে একই এলাকার ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকির ওই জমি থেকে ৪ শতাংশ জমি পাবে বলে দাবি করেন। এ নিয়ে স্থানীয় ভাবে একাধিক বৈঠক হলে রায় জাকিরের বিরুদ্ধে যায়। পরে জাকির দলের ক্ষমতা দেখিয়ে সম্প্রতি ওই জমি দখল করতে গেলে সাংবাদিকের চাচি জেসমিন আক্তার বাদী হয়ে জাকিরের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। এর জের ধরে সাইফুল ইসলামসহ তার বাবা, মা ও ছোট বোনসহ পরিবারের ৫ সদস্যদের বিরুদ্ধে হত্যাচেষ্টার একটি মিথ্যা মামলা করেন জাকির।
 
যুবলীগ নেতা জাকির বলেন, তার চাচি মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে তাই আমরাও মামলা দিয়েছি। রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, আদালতে দায়ের করা মামলাটি এখনো থানায় আসেনি। আসলে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি