কোটি টাকার ভারতীয় পাটবীজ জব্দ, আটক ১

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৮:৩৫
বিজিবি-২৯ ব্যাটালিয়নের সদস্যরা শনিবার রাতে প্রায় কোটি টাকার ভারতীয় পাটবীজ জব্দসহ মুকুল মণ্ডল (৩০) নামের এক যুবককে আটক করেছে। মুকুল গাইবান্ধার গোবিন্দগঞ্জের কালিকাডোবা গ্রামের মো. আব্দুল গনি মণ্ডলের ছেলে।
 
জানা যায়, বিজিবি-২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম রেজাউর রহমানের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্সদল শনিবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ গরুহাটি এলাকার মুকুল মণ্ডলের ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালায়। অভিযানে তার গুদাম থেকে প্রায় কোটি টাকা ৪৫ হাজার কেজি ভারতীয় পাটবীজ পাওয়া যায়।
 
অধিনায়ক লে. কর্নেল এসএম রেজাউর রহমান বলেন, চোরাচালানীর সাথে জড়িত থাকার অভিযোগে মুকুলকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বিজিবির পক্ষে হাবিলদার মো. মমিন বাদী হয়ে একটি মামলা করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি