প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগ

খুলনায় সংসদ সদস্যের বোন পিপির পদ থেকে অব্যাহতি

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২০:৩৭
খুলনা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) পদ থেকে অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পীকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ২১ মার্চ আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব (জিপি-পিপি শাখা) মো. আবদুল ছালাম মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে শিল্পীর নিয়োগ আদেশ বাতিল করা হয়। রবিবার সন্ধ্যায় চিঠিটি খুলনায় পৌঁছায়।
 
চিঠিতে বলা হয়েছে, খুলনা জেলার মহানগর দায়রা জজ আদালতের পিপি সুলতানা রহমানকে (শিল্পী) প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি করায় তার নিয়োগাদেশ বাতিলপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।
 
চিঠির অনুলিপি জেলা ও দায়রা জজ/ মহানগর দায়রা জজ, আইনমন্ত্রীর একান্ত সচিব, আইন ও বিচার বিভাগের সচিবের একান্ত সচিব, সলিসিটর অনুবিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা, অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী, খুলনা জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রোগ্রামারকে দেয়া হয়েছে।
 
অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মিজানের বোন।
 
খুলনা জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাজী আবু শাহীন বলেন, মন্ত্রণালয়ের চিঠির একটি অনুলিপি রবিবার সন্ধ্যায় হাতে পেয়েছি। তবে এ ব্যাপারে খুলনা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পীর মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
 
ইত্তেফাক/আরকেজি