জেলার শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্রের জন্য বাড়তি টাকা নেয়ার অভিয়োগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে পরীক্ষা দেয়ার প্রবেশপত্র প্রদান বাবদ ৩০০ টাকা হারে কলেজ উন্নয়ন বাবদ খরচের রশিদে এ টাকা আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থী ও অভিবাকদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চলতি বছরে এ কলেজ থেকে সাধারণ শাখা ও ভোকেশনাল শাখা মিলে প্রায় এক হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাচ্ছে।
পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, প্রবেশপত্র কলেজে আনতে গেলে এর জন্য ৩০০ টাকা দিতে হবে বলে শিক্ষকরা জানান। তাই আমরা বাধ্য হয়ে এ টাকা দিয়েছি।
এব্যাপারে কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব কুমার শিকদার বলেন, আমরা কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্রলীগ কর্মীদের সাথে আলোচনা করে ৩০০ টাকা করে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। কারণ আমাদের স্বাধীনতা দিবস পালন ও ছাত্রছাত্রীদের বিদায়ে খরচ বাবদ এ টাকা নেয়া হয়েছে। এছাড়া প্রবেশপত্র বাবদ অনেক কলেজে বাড়তি টাকা নিয়ে থাকে তাই আমরাও নিয়েছি।
কলেজের সভাপতি মানিকগঞ্জ জেলা প্রসাশক মো. নাজমুছ সাদাত সেলিম জানান, প্রবেশপত্র বাবদ বাড়তি টাকা নেয়া হচ্ছে এটা আমার জানা নাই। তবে এব্যাপারে খোঁজ নিয়ে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া গ্রহণ করা হবে।
ইত্তেফাক/আরকেজি
