রাজশাহীতে বিএনপির লিফলেট বিতরণে পুলিশের বাধা

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২২:০৭
রাজশাহীতে রবিবার বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণে পুলিশের বাধার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এ সময় সাদা পোশাকের পুলিশ বিএনপি নেতাদের কাছ থেকে লিফলেট কেড়ে নেয় এবং জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুকে লাঞ্ছিত করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও সভাপতির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
 
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার রায় বাতিল করে নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহীর কাটাখালি পৌর এলাকায় জেলা বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে রাজশাহীর কাটাখালি বাজারে লিফলেট বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন কাটাখালি পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক এবং প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু। আলোচনা শেষে তোফাজ্জল হোসেন তপুর নেতৃত্বে নেতাকর্মীরা লিফলেট বিতরণের জন্য বের হন। এ সময় পুলিশ তাদের বাধা দিয়ে কিছু লিফলেট কেড়ে নেয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে আবারও লিফলেট বিতরণ শুরু করলে সাদা পোশাকের কয়েকজন পুলিশ তাদের আবারও বাধা দেয়। এক পর্যায়ে তারা জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর কাছ থেকে লিফলেট কেড়ে নেয় এবং তাকে টেনে হিঁচড়ে রস্তায় নামিয়ে দেয়। এ সময় বিএনপি নেতাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও সভাপতি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
 
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, ‘শন্তিপূর্ণ কর্মসূচি পালন আমাদের গণতান্ত্রিক অধিকার। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এ সময় পুলিশ বাধা দিয়ে উস্কানি দিয়েছে। লিফলেট কেড়ে নেয়াসহ সভাপতিকে পুলিশ লাঞ্ছিতও করেছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা ধৈর্য্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।’ এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, মহানগর বিএনপির সিনিয়র-যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ডিএম জিয়াউর রহমান জিয়া, রায়হানুল আলম রায়হান, ওয়াদুদ হাসান পিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন ও রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এ ব্যাপারে কাটাখালি থানার ওসি মেহেদী হাসান বলেন, মহাসড়কে না যাওয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের নিষেধ করা হয়। কিন্তু তারা না শুনে রাস্তার উপর লিফলেট বিতরণ শুরু করলে বাধা দেয়া হয়েছে। তবে লিফলেট কেড়ে নেয়া বা সভাপতিকে লাঞ্ছিত করার কথা অস্বীকার করেন তিনি।
 
ইত্তেফাক/আরকেজি