ঝালকাঠির রাজাপুরে কলেজছাত্র মো. লিমন হোসেন আকনকে র্যাবের গুলি করে হত্যা চেষ্টার চাঞ্চল্যকর মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের বিরুদ্ধে রিভিশন মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এই আদেশ দেন। ইতিপূর্বে লিমনের মা হেনোয়ারা বেগমের আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক পূর্ব নির্ধারিত শুনানির ৪২তম তারিখে রবিবার এ আদেশ দিয়েছেন।
২০১১ সালের ২৩ মার্চ র্যাবের গুলিতে বাম পা হারিয়ে কলেজছাত্র লিমন পঙ্গু হয়। এই ঘটনায় তার মা হেনোয়ারা বেগম বাদী হয়ে রাজাপুর থানায় বরিশাল র্যাব-৮ এর তৎকালিন ডিএডি লুৎফর রহমানসহ ৬জনকে আসামি করে ২০১১ সালের ২৬ এপ্রিল ১৪নং মামলা দায়ের করেন। অন্য আসামিরা হলেন- কর্পো. মাজহারুল ইসলাম, কনস্টেবল আ. আজিজ, নায়েক মুক্তাদির হোসেন, সৈনিক শ্রী প্রহল্লাদ চন্দ্র এবং সৈনিক কার্তিক কুমার বিশ্বাস। পুলিশ ওই মামলায় ২০১২ সালের ১৪ আগস্ট র্যাব সদস্যদের নির্দোষ উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
এই বিষয়ে মামলার আইনজীবী মানিক লাল আচার্য্য জানান, র্যাবের বিরুদ্ধে লিমনের মায়ের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় ২০১২ সালের ১৮ আগস্ট চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর বিরুদ্ধে আদালতে জিআর ৬৫/১১ মামলার মাধ্যমে আপত্তি দাখিল করা হয়। বিগত ২০১২ সালের ৩০ আগস্ট তারিখ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আপত্তি দাখিল করা হয়েছিল। কিন্তু ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি আদালত আপত্তির আবেদন না মঞ্জুর করেন। এর বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে ২০১৩ সালের ১৮ মার্চ তারিখ ফৌজদারি রিভিশন ৩৫/১৩ নং মামলা দায়ের করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বদলি করেন। এরপর এই মামলায় ৪১তম রিভিশন শুনানির তারিখ শেষে রবিবার ৪২তম তারিখে আদালত রিভিশনটি মঞ্জুর করেছেন বলে এই আইনজীবী মানিক জানান। তিনি তার বক্তব্যে বলেন, অনেক সময় অতিবাহিত হলেও এখন নিম্ন আদালতে র্যাবের বিরুদ্ধে দায়ের করা এই চাঞ্চল্যকর মামলাটির পুনরায় তদন্তের ক্ষেত্রে আর কোন বাধা নেই।
ইত্তেফাক/আরকেজি
