কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে খোকন আলী ওরফে হাতকাটা ঠান্ডু (৪৮) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আধিপত্য বিস্তার নিয়ে দু’দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় তিনি নিহত হন।
শনিবার গভীর রাতে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ায় বন্দুকযুদ্ধের এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, রাত দেড়টার দিকে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে এমন খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার টহল পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনার জন্য পৌঁছায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ডাকাতদলের গুলির জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
নিহত ঠান্ডু কুষ্টিয়া সদর উপজলার অন্তর্গত আলামপুর ইউনিয়নের মৃত আইজাল আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ একাধিক বিভিন্ন মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ঠান্ডু ডাকাত দলের সদস্য এবং তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ কমপক্ষে আটটি মামলা রয়েছে।
ইত্তেফাক/এএম
