চলন্ত অটো রিকশায় গৃহবধূর সন্তান প্রসব

আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৮:৫৮
অসংখ্য খানা-খন্দে ভরা গাইবান্ধায় সাদুল্লাপুর-নলডাঙ্গা পাকা সড়কে তীব্র ঝাঁকুনিতে লাইজু বেগম নামে এক গৃহবধূ ব্যাটারি চালিত চলন্ত অটো রিশকায় একটি কন্যা সন্তান প্রসব করেছেন।
 
রবিবার সন্ধ্যার দিকে উপজেলার নলডাঙ্গা পুরাতন টেম্পু স্ট্যান্ড এলকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ লাইজু উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের আনিছুর মিয়ার স্ত্রী। এ রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতক ও প্রসূতি দুইজনেই সুস্থ আছেন।
 
ওই গৃহবধূর শ্বশুর ফয়জার রহমান জানান, তার ছেলে বউ লাইজু বেগম হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তিনি তাকে নলডাঙ্গায় স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে আসেন। চিকিৎসা শেষে তাকে নিয়ে তিনি ব্যাটারি চালিত অটো রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এরমধ্যে চলন্ত অটো রিকশায় তার প্রসব বেদনা উঠে। একপর্যায়ে লাইজু চলন্ত অটো রিকশায় কন্যা সন্তান জন্ম দেন। এ সময় নবজাতককে এক নজর দেখার জন্য নারী পুরুষ ভিড় করতে থাকেন।
 
চালক আনিছার রহমান বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি কোন রকম সংস্কার কিংবা মেরামত না করায় অসংখ্য খানা খন্দে সড়কটি যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে। ফলে প্রতিনিয়তই ব্যস্ততম সড়কটিতে ছোট বড় কোন না কোন দুর্ঘটনা ঘটছেই। তবুও এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা কোন জন প্রতিনিধিদের কোন মাথা ব্যথা নেই।
 
ইত্তেফাক/আরকেজি