গাইবান্ধার পলাশবাড়ীতে জন্মের পর পরই এক নবজাতককে (এক ঘণ্টা বয়সী) মাটিতে আছাড় দিয়ে হত্যা করেছেন এক পাষণ্ড পিতা। এ ঘটনায় পিতা সাজু মিয়াকে (৩১) পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের ঘোড়াঘাট সড়কে অবস্থিত 'মা' ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে এই লোমহর্ষক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ঘাতক সাজু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের সুলতান সরকারের ছেলে।
পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের তুলট গ্রামের শাহা মিয়ার মেয়ে শাহনাজ বেগমের (৩৫) সাথে তিন বছর আগে সাজু মিয়ার বিয়ে হয়। এরপর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। একারণে দীর্ঘ দেড়/দুই বছর আগে তার স্ত্রী শাহনাজ বেগম তার পিতার বাড়িতে চলে আসেন। সেখানে সাজু মাঝে মাঝে যাওয়া আসা করতেন। এসময় তিনি মনে করেন একটি সন্তানের মা হলে তাদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে। কিন্তু তার স্ত্রী কোন সন্তান জন্ম দেন, এটি সাজু মিয়া চাইতেন না।
তিনি আরো জানান, প্রসব বেদনা উঠলে রবিবার বিকেলে অসুস্থ শাহনাজ বেগমকে তার পিতা বাড়ির নিকটস্থ ওই ক্লিনিকে তাকে ভর্তি করান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে সিজারের মাধ্যমে তার একটি ছেলে সন্তানের জন্ম হয়। এরপর শাহনাজ অচেতন থাকায়, তার ভাবি কোহিনূর বেগম নবজাতকটিকে দেখভাল করতে থাকে। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সাজু মিয়া নবজাতককে দেখতে আসেন। সেখানে কোহিনূর বেগমের কোল থেকে তিনি নবজাতকটিকে কোলে নিয়ে কিছু বুঝে উঠার আগেই মেঝেতে আছাড় দেন। সাথে সাথেই শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম জানান, নবজাতককে নির্মমভাবে হত্যার ঘটনায় সাজু মিয়ার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
