ফতুল্লার সেই আলোচিত স্ত্রী রীমা হত্যাকারী আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আল আমিন ফতুল্লার কোতালেরবাগ এলাকার মৃত আছিল্লা সর্দারের ছেলে।
গত ২৯ মার্চ বিকেলে কোতালেরবাগের বাড়িতে স্ত্রী রীমাকে হত্যা করে লাশের পাশে দেড় বছরের শিশু সন্তান নাহিদকে রেখে পালিয়ে যায় আল আমিন। ৩দিন পর পচা দুর্গন্ধ ও শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে দেখেন শিশুটি তার মৃত মায়ের আঙ্গুল চুষছে। এরপর পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে শিশুটিকে তার চাচী মাহিনুরের কাছে দিয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ জালাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনকে ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
নিহত রীমা (২২) পাবনা জেলা সদরের পশ্চিম সাধুপাড়া গ্রামের রুতাব শেখের মেয়ে। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় পুলিশ রীমার স্বামী আল আমিনের বিরুদ্ধে মামলা গ্রহন করা হয়েছে। ৩ বছর পূর্বে প্রেম করে রীমা বখাটে আল আমিনকে বিয়ে করে।
রীমার মা জোসনা বেগমের অভিযোগ, স্বামী শাশুড়ি ও ননদ মিলে রীমাকে হত্যা করেছে। গত কয়েক মাস ধরেই রীমার উপর চলমান অত্যাচারের ধারাবাহিকতায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটানো হয়।
ইত্তেফাক/রেজা
