দোহারে হঠাৎ ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তের কারণে সোমবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ভোগান্তির পড়ে শত শত পরীক্ষার্থী। নির্ধারিত সময় সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও দোহারের একটি কেন্দ্র ও দুইটি ভেন্যুতে পরীক্ষা শুরু হয় ১০ থেকে ১৫ মিনিট পর। পরীক্ষার ২/৩ দিন আগে হঠাৎ করে উপজেলার শেষ প্রান্তে অবস্থিত পদ্মা কলেজকে নতুন করে ভেন্যু হিসেবে ঘোষণা করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
জানা যায়, গত বছর দোহারে এইচএসসি পরীক্ষার মূল কেন্দ্র ছিল উপজেলার প্রাণকেন্দ্রের জয়পাড়া কলেজ এবং ভেন্যু ছিল বেগম আয়েশা কলেজ ও মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজ। উপজেলার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা এই তিনটি প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণ করত। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করে বোর্ড থেকে নির্দেশনা আসায় নতুন করে পদ্মা কলেজকে ভেন্যু ঘোষণা করা হয়েছে এবং সেখানে মালিকান্দা কলেজের ৩৩৭জন শিক্ষার্থী পরীক্ষা দিবে বলে জানানো হয়। পরীক্ষার আগ মুহুর্তে এমন একটি খবর নিয়ে চরম বিড়ম্বনায় পরে মালিকান্দা কলেজ কর্তৃপক্ষ ও পরীক্ষার্থীরা। খবরটি পরীক্ষার্থীদের কাছে পৌঁছাতে চরম বেগ পেতে হয় ওই কলেজ কর্তৃপক্ষকে।
উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া কলেজ থেকে ভেন্যু পরিবর্তন করে উপজেলার শেষ প্রান্তে পদ্মা কলেজে নিয়ে যাওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পরীক্ষার আগের দিন রবিবার দিনভর পরীক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে অবস্থান করে বিক্ষোভ করে। পরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। প্রথম পরীক্ষার দিন সোমবার পরীক্ষা কেন্দ্রের সামনে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়। ভেন্যু পরিবর্তনের এমন পরিস্থিতিতে প্রথম পরীক্ষা শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে। প্রতিটি ভেন্যুতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের হাতে প্রশ্ন দেয়া হয় ১০টা ১৫ মিনিটে। বিলম্বে পরীক্ষা শুরু হওয়ায় সংশয়ে পরেন পরীক্ষার্থীরা। নষ্ট হওয়া সময় পরে দেয়া হবে কিনা তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে শুরু হয় শঙ্কা। একপর্যায়ে জানানো হয় পুরো তিনঘণ্টা সময়ই পাবে পরীক্ষার্থীরা। ১টা ১৫ মিনিট পর্যন্ত সময় দেয়া হবে তাদের। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও কেন্দ্রের বাহিরে অপেক্ষমান অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে।
মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং ওই ভেন্যুর দায়িত্বে থাকা অজয় কুমার রায় বলেন, পরীক্ষা ১৫ মিনিট পর শুরু হয়েছে।
বিষয়টি জানতে দোহারের এইচএসসি পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্বে থাকা সিদ্দিকুর রহমানকে একাধিকবার ফোন দেয়া হলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা পেয়ে ১৫ মিনিট পরে প্রশ্ন দেয়া হয়েছে এবং এসময় শেষে যোগ করে দেয়া হয়েছে। আমার জানা মতে ভেন্যু পরিবর্তনের কারণে এ সমস্যা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
