সাভারে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ২২:৫৫

সাভারে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে সাভার ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলাবাড়িয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম ফিরোজ। তার বাড়ি পৌর এলাকার ব্যাংকটাউন মহল্লায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাৎক্ষনিকভাবে বাকিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আবুল বাশার জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে একটি মোটরসাইকেলযোগে তিন আরোহী সাভারের হেমায়েতপুর থেকে নবীনগরের দিকে আসছিলো। মোটরসাইকেলটি রাজফুলবাড়িয়া এলাকায় পৌঁছুলে একটি ট্রাক ও ফায়ার সার্ভিসের গাড়ির মাঝখানে চাপা খায়। এ সময় মোটরসাইকেলটি রাস্তায় পড়ে ট্রাকের নিচে চলে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া বাকি একজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু