‘চাইল্ড রাইটস অ্যাওয়ারনেস’ কনসার্ট শুক্রবার

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:২২

ইত্তেফাক রিপোর্ট

শিশুশ্রম রোধ, শিশু অধিকার সুরক্ষা ও অন্ধত্ব নিবারণের লক্ষ্যে চাইল্ড রাইটস অ্যাওয়ারনেস কনসার্ট আগামী শুক্রবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কনসার্ট আয়োজক ‘ডিসট্রেডস চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)’। বক্তব্য রাখেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, হাসান আবিদুর রেজা জুয়েল, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. এহসান হক প্রমুখ।

সাবিনা ইয়াসমিন বাংলাদেশের শিশুদের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি নিজে শিশুদের সুরক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আমরা যতই দেশের উন্নয়ন, প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বাড়ার কথা বলি না কেন, যদি শিশুদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে না পারি তাহলে কোনো উন্নয়নই সেভাবে কাজে লাগবে না।