‘গাজীপুর সিটি নির্বাচনে সব প্রার্থী সমান সুযোগ পাবে’

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৫:৫১
গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে মহানগরীর চান্দনা চৌরাস্তা ও আশপাশ এলাকায় বিভিন্ন প্রার্থীদের লাগানো বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়েছে। 
 
মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রকিব উদ্দিন মন্ডল ও গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু করা হয়। এ অপসারণের কাজ ৮ এপ্রিল পর্যন্ত চলবে। 
 
এ সময় রিটার্নিং অফিসার মো. রকিব উদ্দিন মণ্ডল সাংবাদিকদের বলেন, নির্বাচনের আইন ও বিধি অনুযায়ী  প্রার্থী না হওয়া পর্যন্ত কেউ কোন পোস্টার, ব্যানার, লিফলেট, বিলবোর্ড লাগাতে পারবে না। এটা যদি কেউ লাগায় তাহলে আচরণবিধি লংঘিত হবে। নির্বাচন কমিশন ও আমরা অত্যন্ত শক্ত। যারা আচরণবিধি অথবা নির্বাচনী আইন লংঘন করবে তাদের ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব। যাতে কেউ আইন লংঘন না করে সে জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। 
 
রিটার্নিং অফিসার বলেন, আমরা একত্রে সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। নির্বাচনে প্রত্যেক প্রার্থীকে সমান সুযোগ দেয়া হবে। এ ক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে বিশ্বাসী। এখানে লেভেল প্লেইং ফিল্ড যাতে থাকে সে ব্যাপারে নির্বাচন কমিশন অত্যন্ত সচেতন। 
 
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচন করার ক্ষেত্রে আচরণ বিধি একটি অন্যতম লক্ষ্য ও মাধ্যম। আজ থেকে আমরা মাঠ পর্যায়ে ব্যাপক আকারে এই সকল ধরণের আচরণ বিধি যেটা লংঘনের ঘটনা ঘটবে সেটা আমরা কঠোর হস্তে দমন করবো। কাউকে ছাড় দেয়া হবে না। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বুঝয় তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। 
 
উচ্ছেদ অভিযানকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিব কুমার দেবনাথ, জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজ্জামানসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ।
 
ইত্তেফাক/ইউবি