নরসিংদী মডেল থানা পুলিশের চুরি হওয়া পিস্তল উদ্ধার, গ্রেফতার ১

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৫:৫৬
নরসিংদীতে পুলিশের বাসা থেকে চুরি হওয়া পিস্তল ২০দিন পর গুলিসহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। সোমবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বানিয়াছল এলাকায় অভিযান চালিয়ে উজ্জল নামে এক যুবককে আটক করে এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে চুরি যাওয়া পিস্তলটি উদ্ধার করে। উজ্জল শহরের রাংঙ্গামাটি এলাকার হারুন মিয়ার ছেলে। এই ঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ নরসিংদী মডেল থানার এসআই আলমগীর কবিরের বাসার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে উজ্জল পিস্তলটি চুরি করে নিয়ে যায়। এসময় এসআই আলমগীরের বাসা তালাবদ্ধ ছিল। 
 
সদর মডেল থানা পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মোজাফফর হোসেন জানান, গত ১০ মার্চ নরসিংদী মডেল থানার এসআই আলমগীর কবিরের বাসা থেকে তার অস্ত্রটি চুরি হয়ে যায়। পরে আলমগীর কবির বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সরকারি অস্ত্র চুরি হওয়ার কারেণ তাকে ১২ মার্চ ক্লোজ করে নরসিংদী পুলিশ লাইন্সে পাঠানো হয়। পরে ওসি অপারেশন মোজাফ্ফর ও এসআই মোজাফ্ফর সঙ্গীয় ফোর্স নিয়ে ২০ দিন বিভিন্ন স্থানে চুরি যাওয়া পিস্তলটির ব্যাপারে ব্যাপক তল্লাশি চালান এবং উজ্জলকে আটক করেন। তার স্বীকারোক্তি মতে পিস্তলটি উদ্ধার করা হয়। 
 
ইত্তেফাক/এমআই