মঠবাড়িয়ায় ভূয়া মাদ্রাসা পরিদর্শক আটক

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৭:৪২
পিরোজপুরের মঠবাড়িয়ায় এসএম বাতেন নামে এক ভূয়া মাদ্রাসা পরিদর্শককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোটহারজী সিনিয়র মাদ্রাসা থেকে পুলিশ তাকে আটক করে। 
 
এসএম বাতেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার নেয়ামতপুর ফাজিল মাদ্রাসার গণিত শিক্ষক ও গাজিপুর জেলার কালিগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শেখ মো. আনোয়ার হোসাইনের ছেলে। 
 
থানা ও সংশ্লিষ্ট মাদ্রাসা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এসএম বাতেন মঠবাড়িয়ার ছোটহারজী সিনয়র মাদ্রাসায় বোর্ডের পরিদর্শক পরিচয় দিয়ে মাদ্রাসা ভিজিট করতে আসেন। এরপর তিনি ওই মাদ্রাসার সকল কাগজপত্র পর্যবেক্ষণের নাম করে শিক্ষক কর্মচারীদের নানা ত্রুটি ও অসংগতির অভিযোগ তোলে।  এক পর্যায়ে তিনি শিক্ষক হাজিরা খাতাসহ মাদ্রাসার সমুদয় কাগজপত্রের ছবি মোবাইলে ধারন করে মাদ্রাসার এমপিও বাতিল ও শিক্ষক কর্মচারীদের চাকরি খোয়ানোর হুমকি দিতে থাকে। বিষয়টি শিক্ষকদের মধ্যে কিছুটা সন্দেহের সৃষ্টি হলে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হক মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খানকে অবহিত করেন। তিনি ওই পরিদর্শককে আটক করে থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় নিয়ে যায়। 
 
এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হক বাদি হয়ে মঠবাড়িয়া থানায় একটি প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন।  এ ব্যাপারে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক মো. জাহিদ হাসান বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।  তবে তার পরিবার বাতেনকে মানসিক বিকারগ্রস্ত বলে দাবি করছেন।
 
ইত্তেফাক/ইউবি