পাঁচদিনেও মেলেনি রথীশচন্দ্রের সন্ধান

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৮:৫৯
রংপুরের বিশেষ আদালতের পিপি আওয়ামী লীগ নেতা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে বিভাগীয় শহর রংপুরেও সর্বত্র আলোচনা চলছে। সবার মুখে একটি কথা বাবু সোনা কোথায়? তবে তার নিখোঁজ নিয়ে জনমনে নানা প্রশ্ন- কেউ বলছে বাবু সোনা আত্মগোপন করেছেন। কারো কারো মতে তার প্রতিপক্ষ ডেকে নিয়ে গেছে। কারো ধারণা তাকে জিএমবি তুলে নিয়ে হত্যা করেছে। ভিন্নমতে নানা মুখে নানা কথা। কারো মতে বাবু সোনার সাথে হিন্দু সম্প্রদায়ের দেবত্তোর সম্পত্তি আত্মসাতের অভিযোগ থাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশ দীর্ঘদিন ধরে তার উপর চাপ প্রয়োগ করে আসছিল হয়তো তারাই তাকে আলোচনার জন্য ডেকে নিয়ে গেছে বা তারা ভাড়াটে সন্ত্রাসী দ্বারা তুলে নিয়ে গেছে এ ধরনের কথাও সোনা যাচ্ছে। প্রকৃত ঘটনা কি বাবু সোনাকে উদ্ধার না করা পর্যন্ত কিছুই জানা যাবে না। কারো কারো মতে যে ভাবেই হোক তাকে উদ্ধার করা আইন শৃংখলা বাহিনীর দায়িত্ব। 
 
এ দিকে পুলিশ র‌্যাবসহ আইন শৃংখলা বাহিনীর সকল ইউনিট সর্বচ্চো গুরুত্ব দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। মঙ্গলবার এ খবর লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। তাকে ফিরিয়ে পাওয়ার দাবিতে সোমবার ৫ম দিনের মতো নগরীর বিভিন্ন স্থানে একাধিক সংগঠন কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। পুলিশ ৫ জামায়াত শিবিরের নেতাকর্মীসহ ৯ জনকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার বিকাল ৪টায় বাবু সোনার শহরের আলম নগর বাবু পাড়ার বাসার পেছনে রংপুর ডিবি পুলিশ ডোবার কাদা মাটি অপসারণ ও বাড়ির সেপটিক ট্যাংক খোঁড়াখুঁড়ি করে নিখোঁজ আইনজীবী অনুসন্ধান চালাচ্ছে।
 
সমাবেশগুলোতে বক্তারা যেকোন মূল্যে তাকে উদ্ধারের দাবি জানিয়েছেন। সমাবেশগুলোতে বক্তারা অভিযোগ করে বলেছেন, বাবু সোনার জীবন হুমকীর কারণে থানায় জিডি করলেও পুলিশ তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। সকালে নগরীর প্রেসক্লাবের সামনে বাবু সোনার নিখোঁজের প্রতিবাদে অনশন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটসহ অন্যান্য সংগঠন। আজও সমাবেশ থেকে বক্তারা বাবু সোনার সন্ধানের বিষয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 
 
এদিকে রংপুর আইনজীবী সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বাবু সোনাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। 
 
জেলা যুবলীগের নেতৃবৃন্দ ৭২ ঘণ্টার মধ্যে বাবু সোনাকে খুঁজে পেতে ব্যর্থ হলে রংপুর নগরী অচল করে দেওয়ার হুমকি দেন। সেই সাথে পুলিশের ভুমিকা নিয়ে তারা প্রশ্ন তোলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা তুলে ধরে বক্তব্য রাখেন। 
 
উল্লেখ্য, গত শুক্রবার সকাল থেকে আইনজীবী বাবু সোনা নিখোঁজ। তিনি জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম হত্যা মামলার বিশেষ পিপি ছিলেন। বাবুসোনা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রংপুর বিভাগের ট্রাস্টি, পূজা উদযাপন পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। এদিকে বাবু সোনার নিখোঁজ নিয়ে তার পরিবারের সাথে সাক্ষাতকালে উপস্থিত সাংবাদিকদের রংপুর রেঞ্জ ডিআইজি বলেন, তিনি নিখোঁজ হয়েছেন না আত্মগোপন করেছেন বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। তিনি উদ্ধার হলে সকল জটিলতার অবসান হবে।
 
ইত্তেফাক/এমআই