নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ২ যুবক গ্রেফতার

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৯:৪৫
নারায়ণগঞ্জ কলেজ ও মরগান স্কুলের সামনে থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চেষ্টার অভিযোগে সঞ্জয় চন্দ্র মল্লিক (২৮) ও হৃদয় দাস (২৪) নামে ২ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। 
 
মঙ্গলবার সকালে পৃথক দু’টি অভিযানে স্মার্ট ফোনসহ র‌্যাবে তাদের গ্রেফতার করে। একই দিন বিকালে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
র‌্যাব জানায়, নারায়নগঞ্জ জেলার সদর থানাধীন এইচএসসি পরীক্ষা কেন্দ্র নারায়ণগঞ্জ কলেজের সামনে থেকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় রূপগঞ্জ থানার মাটিয়াহারি এলাকার সঞ্জীবন চন্দ্র মল্লিকের ছেলে সঞ্জয় চন্দ্র মল্লিক  ও এইচএসসি পরীক্ষা কেন্দ্র মরগান স্কুলের সামনে থেকে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা এলাকার দুলাল চন্দ্র দাসের ছেলে হৃদয় দাসকে গ্রেফতার ও তাদের কাছ থেকে দুইটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলে এইচএসসি পরীক্ষা ২০১৮ এর বাংলা ২য় পত্রের প্রশ্নের একটি নমুনা পাওয়া যায়। পরীক্ষা শুরু হওয়ার পর তাদের কাছে প্রাপ্ত কথিত ফাঁস হওয়া প্রশ্নের নমুনার সাথে পরীক্ষার মূল প্রশ্নপত্রের সাথে মিল খুঁজে পাওয়া যায়নি।
 
গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইমো ব্যবহার করে অসাধু প্রতারক চক্র হতে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নিকট গোপনে বিতরণ করছিল। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধিন বলে র‌্যাব জানায়।
 
ইত্তেফাক/রেজা