রংপুরের বদরগঞ্জে ট্রেনের ধাক্কায় মালেক মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ এবং ট্রলি খাদে পড়ে অলিয়ার রহমান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে পৌরশহরের মাছহাটি বাজার সংলগ্ন ১৩ নম্বর রেলগেট ও উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সাতঘরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মালেক মিয়া পৌরশহরের ফেচকিপাড়া মহল্লার বাসিন্দা। অলিয়ার রহমান পৌরশহরের ফেচকিপাড়া মহল্লার সাহিদার রহমানের ছেলে। নিহতরা সম্পর্কে নানা-নাতি।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে পার্বতীপুরগামী একটি ট্রেন পৌরশহরের কলেজ রেলগেট মাছহাটি বাজার এলাকায় পৌঁছালে আকষ্মিকভাবে বৃদ্ধ মালেক মিয়া ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
অপরদিকে, ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক অলিয়ার রহমান নিহত হন।।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি শুনেছি তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
ইত্তেফাক/ইউবি
