থানায় জিডি করার অপরাধে বরিশালের গৌরনদীতে মুক্তিযোদ্ধার নবম শ্রেণি পড়ুয়া নাতনীকে অপহরণের হুমকি দিয়েছে গোপাল শীল নামের এক মাদকাসক্ত যুবক। এ ঘটনায় ভয়ে ওই শিক্ষার্থী স্কুলে যাওয়া বন্ধ করেছে। অনিশ্চিত হয়ে পড়েছে ওই শিক্ষার্থীর শিক্ষাজীবন।
উপজেলার মাহিলাড়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার প্রয়াত আলাউদ্দিন খন্দকারের স্ত্রী শেফালী বেগম জানান, কয়েকদিন আগে তার পুত্রবধুকে মোবাইলে একাধিক অশ্লীল ম্যাসেজ পাঠায় প্রতিবেশী কালাচাঁদ শীলের মাদকাসক্ত বখাটে পুত্র গোপাল শীল। বিষয়টি নিয়ে গোপালকে জিজ্ঞাসা করা হলে মুক্তিযোদ্ধার স্ত্রী শেফালী বেগমকে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় গোপালের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন শেফালী বেগম।
মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী সাদিয়া রহমান পাঞ্জেরী জানান, গোপালের বিরুদ্ধে থানায় জিডির ঘটনায় ক্ষিপ্ত হয়ে কয়েকদিন আগে ঘরে থাকা তার মামা ইতালি প্রবাসী মাসুম খন্দকারের ব্যবহৃত মোটরসাইকেল প্রকাশ্যে ছিনিয়ে নিয়ে যায় বখাটে গোপাল। এরপর অনেক খোঁজাখুজি করে বাটাজোর বাজারের একটি মোটর মেকানিকের দোকান থেকে ভাঙ্গাচুরা অবস্থায় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মোটরসাইকেল চুরির বিষয়টি কাউকে বলা হলে পাঞ্জেরীকে অপহরণের পর প্রাণনাশের হুমকি দেয়া হয়।
বখাটে গোপালের অব্যাহত হুমকির মুখে স্কুলে যেতে পারছেনা ওই স্কুল ছাত্রী। কর্মের সুবাদে প্রয়াত মুক্তিযোদ্ধার দুই পুত্র প্রবাসে থাকায় নাতনী পাঞ্জেরীকে নিয়ে শেফালী বেগম বাড়িতে বসবাস করেন। ফলে বখাটের অব্যাহত হুমকির মুখে এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন নানী শেফালী ও তার নাতনী।
ইত্তেফাক/নূহু
