গৌরনদীতে জর্ডান প্রবাসী যুবতিকে ধর্ষণ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ২২:২২

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের জর্ডান প্রবাসী যুবতীকে (১৯) এক মাসে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে অভিযুক্ত ধর্ষক শাহাদাত ফকিরকে আসামি করে  মঙ্গলবার বিকালে গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নির্যাতিতা যুবতী অভিযোগ করেন, নয় মাস আেগ বার্থী গ্রামের বাবুল ফকিরের পুত্র নছিমন চালক শাহাদাত ফকিরের (২৭) সাথে মোবাইল ফোনের মাধ্যমে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে তিনি (যুবতি) চাকরির জন্য জর্ডান যান। আড়াই মাস পরে জর্ডান থেকে গত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি দেশে ফিরে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তিনি গৌরনদী উপজেলার ইল্লা গ্রামে পৌঁছুলে শাহাদাত ফকির বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ঢাকার অজ্ঞাত একটি বাসায় নিয়ে ৭দিন আটকে রেখে ধর্ষণ করে। এ সময় কোর্ট ম্যারিজের কথা বলে তার (যুবতীর) পাসপোর্ট সাইজের ২কপি ছবি নিয়ে প্রতারণা করে শাহাদাত ফকির তাকে বাড়িতে নিয়ে যায়।

পরবর্তীতে শাহাদাতের বাড়িতে একমাস আটকে রেখে তাকে (যুবতীকে) ধর্ষণ করে। বিয়ে রেজিষ্ট্রি করার কথা বললেই শাহাদাত তাকে প্রায়ই শারীরিক ও মানুষিক নির্যাতন করতো। এক পর্যায়ে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কৌশলে সে পালিয়ে বাবার বাড়িতে যায়। এ ব্যাপারে নির্যাতিতা থানায় মামলা করতে চাইলে স্থানীয় প্রভাবশালীদের হুমকির মুখে মামলা করতে সাহস পাননি। বিয়ের দাবিতে ১ এপ্রিল সকাল থেকে নির্যাতিতা শাহাদাতের বাড়িতে অনশন শুরু করেন। এ খবর পেয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন, উপ-পরিদর্শক আলমগীর হোসেনসহ একদল সাংবাদিক ওইদিন বিকালে শাহাদাতের বাড়িতে যান। পুলিশের বিচারের আশ্বাসে ওইদিন বাদআছর সে (নির্যাতিতা) অনশন ভেঙে বাবার বাড়িতে ফিরে যান।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, ‘এ ঘটনায় নির্যাতিতা বাদি হয়ে অভিযুক্ত শাহাদাত ফকিরকে আসামি করে থানায় অভিযোগ করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।’

ইত্তেফাক/নূহু