বিএসটিআইর ৩২তম কাউন্সিল সভা অনুষ্ঠিত

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:২৫

বিএসটিআইর ৩২তম কাউন্সিল সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে সংস্থার সর্বোচ্চ নীতি-নির্ধারণী কর্তৃপক্ষ বিএসটিআই কাউন্সিল সভার শেষে শিল্পমন্ত্রী ও বিএসটিআই কাউন্সিলের সভাপতি নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন এক্সেস টু ইনফরমেশন (এটুআই) অর্থায়নে বাস্তবায়নকৃত বিএসটিআইর ‘ই-ক্যাটালগ এবং বাংলাদেশ মান (বিডিএস) বিক্রি’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন।

শিল্পমন্ত্রী বলেন, অনলাইনে বিডিএস বিক্রয় কার্যক্রম চালু হওয়ার ফলে এখন থেকে কোনো গ্রাহককে বিএসটিআইতে এসে বিডিএস সংগ্রহ করতে হবে না। ঘরে বসে অনলাইনে বিডিএস সংগ্রহ করা যাবে। এটা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণের আরেকটি ধাপ বলেও উল্লেখ করেন শিল্পমন্ত্রী। উল্লেখ্য যে, বিডিএস হলো পণ্য ও সেবার মান বিষয়ক বিএসটিআই কর্তৃক প্রস্তুতকৃত বিনির্দেশিকা। বিএসটিআইর লাইসেন্স গ্রহণের আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট পণ্য বা সেবার বাংলাদেশ মান তথা বিডিএস সংগ্রহ করা বাধ্যতামূলক।

সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্পসচিব মো. আবদুল হালিম। কাউন্সিল সভার সদস্য-সচিব হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন।—প্রেস বিজ্ঞপ্তি