সিলেটে মা-ছেলে খুনের ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার

আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৮:২৭
সিলেট নগরীর মিরাবাজারস্থ খারপাড়া এলাকার একটি বাড়ি থেকে মা ও ছেলের লাশ উদ্ধারের ঘটনায় নাজমুল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  
 
মঙ্গলবার দিবাগত রাতে সিলেটের বটেশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গউসুল হোসেন বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
এদিকে খুনের সঙ্গে জড়িত সন্দেহভাজন কাজের মেয়ে তানিয়ার কোনো খোজ পায়নি পুলিশ। গত রবিবার মিরাবাজারের মিতালী আবাসিক এলাকার ১৫/জে নম্বর বাসায় রোকেয়া বেগম (৪০) তার ছেলে রবিউল ইসলাম রোকনের (১৭) লাশ উদ্ধার ও পাঁচ বছর বয়সী মেয়ে জান্নাতুল ফেরদৌস রাইসাকে জীবিত উদ্ধার করে পুলিশ। 
 
নিহতের ভাই জাকির হোসেন জানান, গত এক বছর ধরে রোকেয়া ওই বাসায় ভাড়া থাকতেন। গত শুক্রবার বিকালে পরিবারের সদস্যদের সঙ্গে রোকেয়াদের সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল। রবিবার সকালে তাদের খোঁজ নিতে মিরাবাজারস্থ বাসায় আসেন নিহতের ভাই জাকির হোসেন। বাসায় এসে ভেতর থেকে তিনি তাদের দরজা বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকির পরও কেউ দরজা না খোলায় তিনি বাড়ির মালিককে খবর দিলে বাড়ির মালিক পুলিশকে খবর দেন।  পুলিশ এসে ঘরে প্রবেশ করে দুজনের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের মধ্যে কান্নারত অবস্থায় পাঁচ বছর বয়সী মেয়েকে উদ্ধার করে পুলিশ। 
 
পুলিশ ঘটনার পর থেকে কাজের মেয়ে তানিয়া ও নামমুল হোসেন নামের ওই ব্যক্তিকে খুঁজছিল। তাদের এ হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে উদ্ধার হওয়া শিশু রাইসা সম্পর্কে তথ্য প্রদান করেছে। পুলিশ তার দেয়া তথ্যের উপর ভিত্তি করে তানিয়ার খোঁজ করছে।
 
ইত্তেফাক/ইউবি