চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা শ্রমিক লীগের সহকারী অর্থ সম্পাদক নুরুল ইসলাম খোকাকে (৩০) গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে মাহাবুল কবীর (৩৮) আরেক ব্যক্তি। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের শীলঘাটায় এ ঘটনাটি ঘটে।
ঘটনায় জড়িত সন্দেহে হাশিমপুর খুনিয়া পাড়া সরকারি প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মো. গিয়াস উদ্দিনকে আটক করেছে। ওই নিহত শ্রমিকলীগ নেতা ছিড়িংঘাটা এলাকার সাবেক মেম্বার মৃত আমিনুল ইসলামের ছেলে এবং গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুরুল ইসলাম খোকা গতকাল বিকেলে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় নুরুল মাটিতে ঢলিয়ে পড়লে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ সময় খোকার সমর্থকরা চন্দনাইশ সদর ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় প্রায় ৮/১০টি যানবাহন ভাঙচুর করে। বন্ধ হয়ে যায় যানবাহন ও দোকানপাট। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের মা সখিনা খাতুন বলেন, আজ থেকে প্রায় দেড় বছর আগে বাড়ি থেকে একটি লাইসেন্স করা বন্দুক চুরি হয়ে যায়। এ ব্যাপারে মামলা করায় এলাকার কিছু লোক আমার ছেলেকে নানাভাবে হুমকি দেয় বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। একজন প্রধান শিক্ষককে আটক করার বিষয়ে জানতে চাইলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা হাছান আল মামুন বলেন, বিষয়টি দুঃখজনক। শিক্ষক হিসাবে ওইদিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন কিনা এবং নুরুলের সাথে কোন সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আবদুল্লা আল মামুন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/এসএস
