ভাণ্ডারিয়ায় এইচএসসি পরীক্ষায় নকল করায় ৩ জনের কারাদণ্ড

আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৫:০৬
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পরীক্ষায় নকল করার দায়ে তিনজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার চলমান এইচএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
 
জানা যায়, ভাণ্ডারিয়ার মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে ভাণ্ডারিয়া সরকারি কলেজের ছাত্র আরিফুল ইসলাম মোবাইলের ম্যাসেঞ্জারে প্রশ্নপত্র তার সহপাঠীদের পাঠায়। এরপর তার দুই সহপাঠী ভাণ্ডারিয়ার দুলাল বেপারির ছেলে সোহেল ও গফুর জোমাদ্দারের ছেলে ফয়সাল পরীক্ষার্থীর পাঠানো প্রশ্নের উত্তর পুনরায় ওই পরীক্ষার্থীর মোবাইল ম্যাসেঞ্জারে পাঠায়। এসময় ওই কেন্দ্রে প্রশাসনের দায়িত্বে থাকা উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম বিষয়টি হাতে নাতে ধরেন।
 
মো. নজরুল ইসলাম ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমীকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।
 
ইত্তেফাক/এসএস