ঘুষ ছাড়াই কাজ হবে শিক্ষা অফিসে

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০০:৩৯

গাজীপুরে মাধ্যমিক শিক্ষকদের এমপিওভুক্তি, টাইম স্কেল ও নিয়োগ প্রক্রিয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডে ঘুষ লেনদেনের অভিযোগে গাজীপুর মাধ্যমিক শিক্ষা অফিসে অভিযান চালায়। টিম জানতে পারে, শিক্ষকদের নানাবিধ কার্যক্রমে বিভিন্ন উপজেলা শিক্ষা অফিসে ঘুষ লেনদেন হয়। বিষয়টি জেলা শিক্ষা অফিসারকে জানানো হলে তিনি সকল উপজেলা শিক্ষা অফিসারের সাথে একটি সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত নেন। যেকোনো কার্যক্রম ঘুষ লেনদেন ব্যতিরেকে হবে এরূপ একটি অফিস আদেশ জারি করার উদ্যোগ নেবেন বলে জানান তিনি।

এদিকে, খুলনা কারাগারে দর্শনার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করায় তিন কারারক্ষীকে বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে দুদক। এই তিনজন হলেন : কারারক্ষী মো. শামীম হাসান, হুমায়ুন কবির ও মাহাবুবুর রহমান। দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীলকমল পাল বলেন, অভিযানে দর্শনার্থীদের কাছ থেকে ১০০ টাকায় সাধারণভাবে ও ৩০০ টাকায় বিশেষভাবে কয়েদিদের সাথে সাক্ষাতের প্রমাণ মিলেছে। প্রকৃতপক্ষে কয়েদিদের সাথে সাক্ষাতে কোনো অর্থের প্রয়োজন হয় না। অভিযানকালে টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে। এ বিষয়টি জেলার জান্নাতুল ফরহাদকে জানালে তিনি দায়িত্বরত তিন কনস্টেবলকে তাত্ক্ষণিকভাবে বদলি করেন।

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে খুলনা জেলা কারাগার ও গাজীপুরে মাধ্যমিক শিক্ষা অফিসসহ আরো ছয় জেলায় সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের তত্ত্বাবধানে পৃথক টিম গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে এ অভিযান চালায়। আরো যেসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে : কুমিল্লায় প্রধান পোস্ট অফিস, হবিগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলে উপ-স্বাস্থ্যকেন্দ্র, মাগুরায় সদর সাব-রেজিস্ট্রি অফিস, সুনামগঞ্জ ও পঞ্চগড়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস।