আড়াইহাজারের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০০:৪০

আড়াইহাজারে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষক লিটনসহ চারজনের নামে মামলা করেছেন। সোমবার  রাতে থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার অপর আসামিরা হলেন— ধর্ষকের বাবা তোতা মিয়া, সহযোগী সাইফুল ও তার বাবা আলীকে আসামি করা হয়েছে।

আড়াইহাজার থানার এসআই ফায়জুর রহমান জানান, ১১ এপ্রিল প্রভাকরদী গ্রামের তোতা মিয়ার ছেলে বখাটে লিটন একই এলাকার আলীর ছেলে সাইফুলের সহযোগিতায় ১৪ বছরের শিশুকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটি গরুর পরিত্যক্ত খামারে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয়দের চাপে ধর্ষিতার স্বজনরা থানায় আসতে পারেনি। পরে রবিবার রাতে থানায় অভিযোগ দিলে পুলিশ ধর্ষক লিটনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরও বিয়ের আশ্বাসে মামলা রেকর্ড করতে দেরি হয়। অবশেষে সোমবার রাতে থানায় মামলাটি এজাহারভুক্ত হয়। মামলার প্রধান আসামি ধর্ষক লিটনকে মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।