গাজীপুরের কালীগঞ্জে প্রবাসী জুলহাস সরকার (৩০) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার রাজবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করে। নিহত জুলহাস উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের পুনসহি গ্রামের বোরহান উদ্দিন সরকারের ছেলে। তিনি দুবাই প্রবাসী ছিলেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পুনসহি গ্রামের মৃত সাঈদ সরকারের ছেলে কাজল সরকার (৩৭) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। তারা ঘটনার পর থেকে পলাতক ছিল।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, গত ১৩ মার্চ জুলহাসকে রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন নিহতের পিতা থানায় মামলা করেন। সেই মামলায় গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।
