ওবায়দুল কাদেরের সঙ্গে হাওলাদার ও জিএম কাদেরের সাক্ষাত্

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০০:৫২

পদ-পদবী-নেতৃত্বের প্রশ্নে এইচএম এরশাদের জাতীয় পার্টিতে (জাপা) চলমান বিবাদ-গ্রুপিংয়ের মধ্যেই সিঙ্গাপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে গেলেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের ও দলটির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। সিঙ্গাপুরে স্কটস  রেসিডেন্সে শনিবার ওবায়দুল কাদেরের সঙ্গে প্রায় তিন ঘণ্টা সস্ত্রীক বৈঠক করেন জাপা চেয়ারম্যান এরশাদের বিশেষ সহকারী হাওলাদার। আর সোমবার একই স্থানে ওবায়দুল কাদেরকে দেখতে যান জিএম কাদের। হাওলাদার ও জিএম কাদের দু’জনই দাবি করেছেন, তারা নিজেরা মেডিক্যাল চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। তবে জাপার এই দুই নেতার সঙ্গে সিঙ্গাপুরে পরস্পরের দেখা হয়নি।

কাউন্সিলে নির্ধারিত হবে জাপার আগামী নেতৃত্ব : রওশন

জাতীয় ছাত্রসমাজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর গুলশানে ইমান্যুয়েল কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ বলেছেন, কাউন্সিলের মাধ্যমেই দলের আগামী নেতৃত্ব নির্ধারণ করা হবে। খুব শিগগিরই আলোচনার মাধ্যমে কাউন্সিলের তারিখ নির্ধারণ হবে। তিনি বলেন, এরশাদের নেতৃত্বেই জাপা ঐক্যবদ্ধ আছে। এরশাদ এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। জাপার নেতৃত্বে  কোনো বিভেদ নেই। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩৫ বছর করতে তিনি সরকারের প্রতি দাবি জানান। ছাত্রসমাজের আহ্বায়ক মোড়ল জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জাপা মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।