গোপালগঞ্জে বাস উল্টে কলেজছাত্রসহ নিহত ২

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১২:২৬
গোপালগঞ্জে সড়কে বাস উল্টে কলেজছাত্রসহ দুইজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আজ রবিবার সকাল ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপানাথপুরে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
 
নিহতরা হলেন, গোপালগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউটের ফুড টেকনোলজি বিভাগের দ্বিতীয় পর্বের প্রথম সেমিস্টারের ছাত্র কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের অনিচ মোল্লার ছেলে অশিকুর রহমান রেজা (১৭) ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য  গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের রুকু মোল্লা (৬২)। আহত ২০ জনকে গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারাত্মক আহত মর্জিনা বেগম (৪০) ও মন্টু শেখকে (৬০) আশঙ্কাজনক অবস্থায় খুলনা পাঠানো হয়েছে। 
 
এ ঘটনার পর গোপালগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথম ওই সড়কের চন্দ্রদীঘলিয়ায় সড়ক অবরোধ করে। পরে তারা গোপীনাথপুরে সড়ক অবরোধ করে। এতে ওই সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর পৌনে ১২ টা পর্যন্ত সড়ক অবরোধ চলছিলো।
 
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ব্যাসপুর থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে গোপীনাথপুরে ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি বাস্তার উপর উল্টে যায়। ঘটনাস্থলে বাসযাত্রী কলেজছাত্র রেজা মারা যান। হাসপাতালে নেয়ার পর রুকু মোল্লাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সড়ক থেকে অবরোধ তুলতে পুলিশ চেষ্টা করছে। 
 
ইত্তেফাক/কেকে