বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দিনমজুর হত্যা মামলায় আব্দুল লতিফ (৩০) নামের এক এনজিও কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
আব্দুল লতিফ উপজেলার হাসাপোটল গ্রামের মওলা বক্সের ছেলে। সে টিএমএসএস নামে বেসরকারি সংস্থার ইসলামী মাইক্রো ফাইন্যান্স বগুড়া শহর শাখার কর্মী বলে জানা গেছে।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার হাসাপোটল গ্রামের মগবর আলীর ছেলে দিনমজুর জামাল উদ্দিন ওরফে শরাফতের সঙ্গে প্রতিবেশি ইছান মণ্ডলের ছেলে রফিকুল ইসলামের বাড়ির সীমানায় ৩ শতক জায়গা নিয়ে বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে ২৮ মার্চ সকালের দিকে রফিকুল ইসলামের উপর্যপুরি ছুরিকাঘাতে জালাল উদ্দিন আহত হন।
এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৯টার দিকে জামাল উদ্দিন মারা যান। এই ঘটনায় নিহতের ভাই সরোয়ার হোসেন মণ্লড বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মুনজুরুল হক ভুইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আব্দুল লতিফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার সন্ধ্যার দিকে বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া এই হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/কেকে
