ঝালকাঠির পৌরসভার আগলপাশা এলাকায় গত শনিবার একাধিক অবৈধ ইটের পাজায় জরিমানা করেও ইট পোড়ানো বন্ধ না করায় গতকাল রবিবার এসব পাজা পানি দিয়ে ভেঙ্গে ফেলেছে ভ্রাম্যমান অদালত।
আজ রবিবার সকাল ১০টা থেকে সাড়ে ৩ ঘণ্টা এ অভিযান পরিচালনা করেন ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী। এর আগে গত শনিবার বিকেল ৩টায় এই এলাকার একাধিক পাজায় অভিযান চালিয়ে পাজা মালিক মো. কালাম হাওলাদার ও মনির হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তখন তাদের পাজায় দমকল বাহিনীর সহযোগিতায় পানি দেয়া হয়েছিল। এসময় মালিকদের পুনরায় অবৈধ এসব পাজায় ইট পোড়ানো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। কিন্তু মালিক পক্ষ ভ্রাম্যমান আদালতের নির্দেশ অমান্য করে রাতেই কাঠ দিয়ে ইট পোড়ানো শুরু করে। তাই খবর পেয়ে রবিবার আগলপাশা এলাকায় সকাল ১০টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী পুলিশ নিয়ে উপস্থিত হন। তখন সেখানে পাজা মালিক কালাম হাওলাদার সরকার দলীয় প্রভাব খাটানোর চেষ্টা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজে বাধা দেয়ার চেষ্টা চালায়।
এক পর্যায়ে কালাম হাওলাদার তার লোকজন নিয়ে পুলিশের সাথে বাক বিতণ্ডািয় জড়িয়ে পড়ে। তখন তাকে গ্রেফতারের নির্দেশ দেয়া হলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দমকল বাহিনীকে ডেকে এনে দুইটি পাজা পানি দিয়ে ভেঙ্গে দেয়।
ইত্তেফাক/এমআই
