প্রশ্নপত্র ফাঁস: বগুড়ায় প্রতারক চক্রের এক সদস্য আটক

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৬:৫৫
র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে। ধুনট উপজেলার বানীয়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
 
ওই প্রতারকের নাম মো. মাহবুব আলম (২৪)। সে বানীয়াগাতী গ্রামের হোসেন আলীর ছেলে বলে জানা গেছে।
 
র‌্যাব জানায়, সে টাকার বিনিময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের কথা বলে পরীক্ষার্থীদের নিকট হতে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করে। ইতোমধ্যে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তির কাছ হতে ৫শ’ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়। সে মিথ্যা প্রশ্নপত্র প্রস্তুত ও প্রকাশ করে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছিল।
 
ইত্তেফাক/আরকেজি