ডাস্টার ছুড়ে শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৯:০৭
বানারীপাড়ায় ঐতিহ্যবাহী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ডাস্টার ছুড়ে মাসুদ নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মাথা ফাটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
শনিবার বিকাল ৪টার দিকে মাসুদ সমাজ ক্লাসের সময় কক্ষের জানালা দিয়ে বাহিরে তাকালে শিক্ষক বাদল কৃষ্ণ সাহা দূর থেকে তার ওপর ডাস্টার ছুড়ে মারেন।
 
এতে ওই শিক্ষার্থীর মাথা ফেঁটে গেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে তিনটি সেলাই দিয়ে সেখানে ভর্তি না করে বাদল ঘটনা ধামাচাপা দিতে আহত ওই শিক্ষার্থীকে উপজেলার নরোত্তমপুর গ্রামের বাড়িতে রেখে আসেন।
 
পরে অবস্থার অবনতি ঘটলে তাকে তার বাবা ব্যবসায়ী শাহজাহান পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ অমানবিক ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
 
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত উপজেলার গাভা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাদল কৃষ্ণ সাহা বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট স্কুলে শিক্ষক সংকটের কারণে খন্ডকালিন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
ইত্তেফাক/আরকেজি